স্মিথের কনকাশন সাব হিসেবে নেমেছিলেন গত অ্যাশেজে। এবারের অ্যাশেজ চলাকালীনই সুসংবাদটা পেয়ে গেলেন মার্নাস লাবুশেন। বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান এখন তিনি। গত আগস্ট থেকে শীর্ষে থাকা জো রুটকে ছাড়িয়ে লাবুশেন উঠেছেন এখন সবার উপরে।
প্রথমবারের মতো আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। নবম অস্ট্রেলিয়ান হিসেবে ছাড়িয়েছেন ৯০০ পয়েন্টের মাইলফলকও। তালিকায় প্রথম নামটা ছিল স্যার ডন ব্র্যাডম্যানের, এরপর রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্করাও গড়েছিলেন এমন কীর্তি।
চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন লাবুশেন। ইংল্যান্ডকে ২৭৫ রানে হারানোর ম্যাচটিতে পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। রুট ব্যাটিংয়ে শীর্ষস্থান হারালেও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা দশে।
বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মিচেল স্টার্কের। গত জানুয়ারির পর প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় টেস্টে না খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স যথারীতি শীর্ষেই আছেন। সেরা ২৫-এ উঠে এসেছেন ইংল্যান্ডের ওলে রবিনসন।



















