চিত্রনায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। এদিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ চিত্রনায়িকা পরীমনি অভিযোগপত্র গ্রহণ শুনানিতে উপস্থিত থাকবেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জানা রিফাত সৌরভী একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) সকাল ১০টায় পরীমনি ট্রাইব্যুনালে হাজির হবেন। এদিন অভিযোগপত্র গ্রহণ শুনানি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আসামিদেরও আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে।
এ মামলায় নাসির ও অমি ছাড়া শহিদুল আলম নামে আরও এক আসামি পলাতক রয়েছেন।
গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন।
এর আগে গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। পরীমনির মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় আসামিদের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে যাওয়ায় ওই দিন রিমান্ড শুনানি হয়নি। মাদক মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন। ২৩ জুন (বুধবার) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।


















