স্ট্রিমিং দুনিয়ায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে নিটফ্লিক্স আগামী বছর এশিয়ায় অরিজিনাল কনটেন্টের পেছনে দ্বিগুণ ব্যয়ের পরিকল্পনা করছে। নেটফ্লিক্স কোরিয়ান জোম্বি পিরিয়ড থ্রিলার কিংডম এবং রিয়েলিটি সিরিজ ইন্ডিয়ান ম্যাচমেকিংয়ের মতো শোগুলো দিয়ে এশিয়ার বিপুল দর্শককে কাছে টেনেছে। এখন এশিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে চাইছে বিশ্বের এ বৃহত্তম স্ট্রিমিং প্লাটফর্মটি।
নেটফ্লিক্সের কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিনইয়াং কিম বলেছেন, এশিয়ায় সাবস্ক্রাইবারদের সংখ্যা অন্য সব অঞ্চলের চেয়ে দ্রুত বাড়ছে বলে দ্বিগুণ ব্যয়ের পরিকল্পনা করা হচ্ছে। অরিজিনাল কনটেন্টগুলোর জন্য চলতি বছর নেটফ্লিক্সের যে বাজেট ছিল, আগামী বছর তা দ্বিগুণ করা হবে।
নেটফ্লিক্সের এ ব্যয়ের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান মিডিয়া পার্টনার এশিয়া। নেটফ্লিক্স জানিয়েছে, ২০১৮ থেকে অরিজিনাল ও লাইসেন্স করা স্থানীয় কনটেন্টের জন্য তারা অন্তত ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এশিয়ায় ২২০টিরও বেশি অরিজিনাল টাইটেল প্রকাশ করেছে নেটফ্লিক্স।
অন্যদিকে দেখা যাচ্ছে, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে শুধু প্রধান প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করছে না নেটফ্লিক্স। একই সঙ্গে যুক্তরাষ্ট্রেও তাদের প্রতিদ্বন্দ্বী যেমন ভিউ, টাইকুন লি. ও উইটিভির সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। এমন এক সময় ছিল যখন নেটফ্লিক্স এশিয়ার দর্শক টানতে কম দামের প্যাকেজ দিয়ে তাদের প্রলুব্ধ করেছে। এখন তারাই এশিয়ায় অরিজিনাল কনটেন্টের পেছনে দ্বিগুণ ব্যয়ের কথা ভাবছে।



















