টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বি গ্রুপের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে সহজেই হারিয়ে মূল পর্বের পথে রয়েছে স্কটল্যান্ড। মঙ্গলবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে স্কটিশরা জয় পায় ১৭ রানে। টানা দুই জয়ে বাছাই পর্বে সুবিধাজনক অবস্থানে দলটি।
স্কটল্যান্ডের এই জয়ের কারণে বাংলাদেশের সমীকরণ ডু অর ডাইয়ে পরিণত হলো। রাত আটটায় বাংলাদেশ মোকাবেলা করবে ওমানের। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নাই মাহমুদউল্লাহদের। অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল পাপুয়া নিউ গিনির।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৮ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। দলের হয়ে ২৪ রান করেন সেসে বাউ। তার সঙ্গে দলীয় স্কোরে ১৮ রান করে যোগ করেন ক্যাপ্টেন আসাদ ভালা ও কিপলিন ডরিগা। আর ব্যক্তিগত সর্বোচ্চ ৪৭ রানের দাপুটে এক ইনিংস খেলেন রোমান ভানুয়া।
স্কটল্যান্ডের জার্সি গায়ে চারটি উইকেট পান জশ ডাভি। একটি করে উইকেট নেন ব্রাড হুয়েল, আলাসদাইর এভান্স, মার্ক ওয়াট ও ক্রিস গ্রেভস।
তার আগে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের পুঁজি গড়ে স্কটল্যান্ড। বেরিংটন ৪৯ বলে খেলেন ৭৫ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস। তাতে ছিল ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। ৩৬ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪৫ রান যোগ করেন ম্যাথু ক্রস। জর্জ মুনসী ১৫ ও কালাম ম্যাকলেওড ১০ রান এনে দেন। বাকিরা কেউ দুই অঙ্কও স্পর্শও করতে পারেননি।



















