শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।
বুধবার বিকালে তাকে ভর্তি করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল।
তিনি বলেন, ‘দুদিন ধরে আব্বার শরীরটা খারাপ। আজ একটু বেশি। তাই হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসক বলেছেন, আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে উনার শরীরের পুরো অবস্থা জানাবেন ডাক্তার।’
এর আগেও কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন এটিএম শামসুজ্জামান।
আজগর আলী হাসপাতালের ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে এটিএম শামসুজ্জামানের চিকিৎসা চলছে।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনা আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’তে অভিনয় করেন ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।


















