করোনার টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর।
রোববার সকালে তারা ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন। খবরটি নিশ্চিত করেন রুনা লায়লা।
সবাইকে করোনার টিকা নেওয়ার আহবান জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, এখানে ভয়ের কিছু নেই। চিন্তারও কোনো কারণ নেই। নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করুন। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।‘
দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়া শুরু হলে শুরুতেই সাংসদ ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফার টিকা নেওয়ার খবর জানা যায়। সুবর্ণার টিকা নেওয়ার পরদিন নাট্যজন ও সাংসদ আসাদুজ্জামান নূর টিকা নেন।
এরপর দেশের সংস্কৃতি অঙ্গন থেকে মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, জেমস, শাবনাজ, নাঈমসহ আরও অনেকে টিকা নেন।



















