‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন জাহারা মিতু। চলচ্চিত্রে কাজ করছেন শাকিব খানের সঙ্গে জুটি হয়ে। এরপর কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গেও জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমান্ডো’ শিরোনামের এই চলচ্চিত্রের টিজার প্রকাশিত হয়েছে নায়ক দেবের ইউটিউব চ্যানেল থেকে। প্রকাশের পরপরই শুরু হয় বিতর্ক আর সমালোচনা। অভিযোগ ওঠে, টিজারে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে।
এমনকি তোপের মুখে শেষ পর্যন্ত টিজারটি সরিয়ে নেয়া হয়েছে। ইতিমধ্যে সিনেমার পরিচালককে বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে।
এ ব্যাপারে সিনেমাটির নায়িকা জাহারা মিতু বলেন, স্ক্রিপ্ট তো পড়েছি। যখন চুক্তিবদ্ধ হই তার আগেই আমার স্ক্রিপ্ট পড়া। আমিও একজন মুসলমান। ধর্ম অবমাননা করে এমন কিছু থাকলে আমি নিজেও সিনেমাটা করতাম না। যেই বিতর্ক বা সমালোচনা হয়েছে সেটা যৌক্তিক মনে হয়নি। গল্পটা জানি বলে আমি বুঝতে পারছি যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। যারা মন্তব্য করেছেন তারা না জেনেই করেছেন। শুধু টিজার দেখে এভাবে ঢালাওভাবে মন্তব্য করা ঠিক হয়নি। এদিকে এরই মাঝে মিতু আরো কয়েকটি চলচ্চিত্রে কাজের প্রস্তাব পেয়েছেন বলে জানান।
সেগুলোর বেশির ভাগই অ্যাকশনধর্মী। তাই এগুলোতে অভিনয়ের বিষয়ে কিছুটা দ্বিধায় আছেন তিনি। কারণ যে দু’টি চলচ্চিত্রে কাজ করছেন সেগুলোও অ্যাকশনধর্মী। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে মিতু বলেন, করোনা মহামারি দূর হোক- সেটাই বড় প্রত্যাশা। সব কিছু যেন স্বাভাবিক হয়। সবাই যেন সবার কাজ করতে পারে। চলচ্চিত্রের কাজ করোনার কারণে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল। নতুন এই বছরে কাজ করতে চাই নিয়মিত। ভালো ভালো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের সামনে আসতে চাই। আশা করছি সেই প্রত্যাশা পূরণ হবে।



















