সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্যা কাশ্মীর ফাইলস’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুটিং চলাকালীন সময়েই হঠাৎ পাকস্থলীতে সংক্রমণে জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার অসুস্থতার জেরে শেষ পর্যন্ত সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়।
পরিচালক জানান, তারা মুসৌরিতে শুটিং করছিলেন। বড় একটি অ্যাকশন দৃশ্য শুটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মিঠুন চক্রবর্তীর শটও প্রস্তুত ছিল। এরমধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ফলে সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেওয়া হয়। যদিও অসুস্থ হওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে ফের শট শেষ করেন মিঠুন।
অসুস্থ অবস্থায় কোনও অভিনেতা, অভিনেত্রী ওইভাবে শুটিং শেষ হয়ত করতে পারতেন না, কিন্তু মিঠুন চক্রবর্তী তা করেছেন। শত অসুবিধা সত্ত্বেও নির্দিষ্ট ওই দৃশ্যের শুটিং শেষ করে তবেই ‘দ্যা কাশ্মীর ফাইলস’র সেট ছাড়েন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
এদিকে, মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিনয়ে সুযোগ করে দেওয়ার নাম করে দিনের পর দিন ধরে মিমো অর্থাৎ মহাক্ষয় ওই তরুণীর সঙ্গে সহবাস করেছেন বলে অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিমো ওই তরুণীর সঙ্গে সহবাস করেও কথা রাখেননি বলে অভিযোগ। ছেলের সমস্ত কথাই মিঠুনের স্ত্রী জানতেন বলেও ওই তরুণী অভিযোগ করেন। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।



















