ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন পারাপার করতে শুরু হয়েছে ব্যস্ততম এ নৌরুটে।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার মধ্যরাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি।
তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সোয়া ২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে।

এ জন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে পাঁচ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয়।


















