ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১:২৩ অপরাহ্ন

৭৮৬ কোটি টাকায় বার্সা থেকে ডি ইয়ংকে নিয়ে যাচ্ছে ম্যান ইউনাইটেড

এরিক টেন হ্যাগ ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হয়ে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল গুঞ্জন, বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে টানতে চান তিনি।

এরপর অনেক কথা হয়েছে, খোদ বার্সা কোচ জাভি বলেছেন, ডি ইয়ংকে নিয়ে পরের মৌসুমে পরিকল্পনা ভালোই আছে তার। তবে শেষমেশ গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে, ডি ইয়ংকে নিয়েই যাচ্ছে ইউনাইটেড।

গোল ডট কম আর স্পোর্তের খবর, ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে একটা মৌখিক সম্মতির খুব কাছে চলে গেছে ইউনাইটেড। ইউনাইটেডের বিশ্বাস, মুখে তাকে ধরে রাখার কথা বললেও বার্সা বড় প্রস্তাব পেলে নাকচ করবে না সেটা। সে কারণেই ক্লাবটি তাকে দলে ভেড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছে শেষ কয়েক দিনে।

তাকে দলে ভেড়াতে বার্সেলোনাকে ৬.৯ কোটি পাউন্ড বা ৭৮৬ কোটি টাকার প্রস্তাব দিতে যাচ্ছে ইউনাইটেড। ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, ডি ইয়ংই হবেন টেন হ্যাগ যুগে ইউনাইটেডে আসা প্রথম খেলোয়াড়।

এর আগে ইউনাইটেড ৫৮১ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল বার্সাকে। তবে সেটা কাতালান ক্লাবটি প্রত্যাখ্যান করেছে। জানিয়ে দিয়েছে ৯৮০ কোটি টাকার কমে ডি ইয়ংকে ছাড়বে না তারা।
সেই আলাপের পর আরও কথা হয়েছে দুই ক্লাবের মধ্যে। যার ফলে ইউনাইটেডের আত্মবিশ্বাসটা বাড়ছে আরও।

শেষ কিছু দিনে শোনা যাচ্ছিল, ৭৩০ থেকে ৮৩২ কোটি টাকার কাছাকাছি প্রস্তাব দিলে সেটা মেনে নিতেও পারে বার্সা। ইউনাইটেড এগোচ্ছে সে পথেই। বার্সাকে প্রস্তাব দিতে যাচ্ছে ৭৮৬ কোটি টাকার।

চুক্তি এখনো আনুষ্ঠানিক হয়নি, তবে কথাবার্তা যে ভালোই এগিয়ে গেছে, নির্ভরযোগ্য সূত্র ধরে সেটা জানিয়েছে গোল ডট কম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ