ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ২:১০ অপরাহ্ন

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন রোনালদো

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিরুদ্ধে করা ধর্ষণ মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের লাভ ভেগাসের একটি আদালত। স্থানীয় সময় গত শুক্রবার (১০ জনি) ওই আদালতের বিচারক জেনিফার ডরসি এই রায় ঘোষণা করেন।

রোনালদো এই ধর্ষণ মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পাওয়ায় চাইলেও পুনরায় মামলা করতে পারবেন না ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী।

বিচারক ৪২ পৃষ্ঠার রায়ে বলেছেন, ফাঁস হওয়া চুরি করা তথ্যের ওপর ভিত্তি করে অভিযোগ আনা হয়েছে। রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ নেই। পুনরায় আর এই মামলা করা যাবে না। পাশাপাশি রোনালদোর সাথে করা খারাপ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে।

প্রায় ১৩ বছর আগে ২০০৯ সালে লাস ভেগাসে ঘুরতে গিয়ে একটি হোটেলে ক্যাথরিনের সাথে ঘনিষ্ঠতা হয় রোনালদোর। যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। কিন্তু পরের বছরই এটিকে ধর্ষণ বলে অভিযোগ করতে থাকেন ক্যাথরিন। এমনকি মামলার হুমকিও দেন।

তখন ক্যাথরিনকে চুপ রাখার জন্য প্রায় পৌনে ৪ লাখ ডলার দেন রোনালদো। সে দফায় কোর্টের বাইরেই নিষ্পত্তি ঘটে দুই পক্ষের বিরোধের। কিন্তু পরে আবারো এ বিষয়ে অভিযোগ করেন ক্যাথরিন। তার অনুরোধের ভিত্তিতে ২০১৮ সালের আগস্টে আবারও এ বিষয়ে আইনী তদন্ত শুরু হয়।

ক্লার্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস জানায়, ২০০৯ সালে ওই নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন। কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

ক্যাথরিনের অভিযোগের বিপরীতে রোনালদোর লিগ্যাল টিম শুরু থেকেই বলে আসছিল, দুজনের মধ্যে যা হয়েছিল সবই পারস্পরিক সম্মতিতে হয়েছে। তাই এ মামলার কোনো ভিত্তি নেই এবং রোনালদোকে কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। -এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ