ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাহাথিরের

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজ দল থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি ও তার ছেলে।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

নতুন রাজনৈতিক দল এখনো নিবন্ধিত হয়নি। দলের নাম কী হবে তাও এখনো জানা যায়নি। আপাতত দলটি স্বতন্ত্র হিসেবে থাকছে বলে জানান মাহাথির।

তিনি বলেন, নতুন মালয়ভিত্তিক দলটি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দীন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল বা পাকাতান হারাপানের মতো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না।

৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য দুর্নীতি নির্মূল করা। … দেশে এখন নতুন নেতৃত্ব অর্থ লাভের জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে।’

তিনি বলেন, দলটি মূলত মালয়েশিয়ার ইস্যু নিয়েই কাজ করবে। এটি দেশের সংখ্যালঘু গোষ্ঠীর স্বার্থকেও প্রাধান্য দেবে। আমরা খুব সচেতন যে আমাদের দেশটি একটি বহুবর্ণের দেশ।

এ বছরের শুরুতে মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনিয়াস পার্টি বা পার্টি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া থেকে ছেলেসহ বরখাস্ত হন মাহাথির। এরপরই নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে নানা গুঞ্জন তৈরি হয়।

মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ‘বারসাতু’ পার্টি নামে একটি দল গঠন করেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়ার পর ফের প্রধানমন্ত্রী হন মাহাথির। ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন