ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

মেসি-নেইমারের পাশে দাঁড়ালেন এমবাপ্পে

পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নটা যেন অধরাই থেকে যাচ্ছে! দলের পিছনে প্রতি মৌসুমে কাঁড়ি কাঁড়ি টাকা খরছ হচ্ছে, লিওনেল মেসিকে বার্সা থেকে নিয়ে আসার মতো অসম্ভব কাজও সম্ভব করা হয়ে গেছে, মেসি-নেইমার-এমবাপ্পের মতো তিন তারকা ফুটবলারকে এক দলে খেলানোর অসাধ্যও সাধন করেছে পিএসজি।

কিন্তু এতোকিছুর পরও চ্যাম্পিয়নস লিগের সুদৃশ্য ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি প্যারিসের ক্লাবটার। চ্যাম্পিয়নস লিগের একেকটা মৌসুম যায়, আর না পাওয়ার আক্ষেপটা যেন দীর্ঘ হতে থাকে পিএসজির।

এবারও যেন তার ব্যতিক্রম হয়নি। চ্যাম্পিয়নস লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্ণামেন্ট থেকে বাদ পড়েছে দলটি। বারবার এমন ব্যর্থতা আর কত মেনে নেওয়া যায়?

পিএসজি সমর্থকেরাও তাই মেনে নিতে পারছেন না। এত এত টাকা খরচের পরও চ্যাম্পিয়নস লিগে বারবার ব্যর্থ হতে দেখে রাগ-অভিমানে পুড়ে যাচ্ছেন সমর্থকরা।

যে রাগটা তাঁরা ঝাড়ছেন নিজেদের ফুটবলারদের ওপরই। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর লিগের বিভিন্ন ম্যাচে পিএসজি সমর্থকেরা দুয়ো দিয়েছেন মেসি, নেইমার, রামোসের মতো তারকা ফুটবলারদের।

ব্যাপারটা এমবাপ্পের ভালো লাগছে না মোটেও। ভালো লাগবেই-বা কী করে? দর্শক সমর্থন ভালো পারফরম্যান্সের অন্যতম অনুঘটক। সে দর্শকেরাই যদি সমর্থন না দেন, পারফরম্যান্স পড়ে যেতে বাধ্য। সেটা এমবাপ্পেও বোঝেন। বোঝেন দেখেই সমর্থকদের অনুরোধ করেছেন, দলকে যেন আর দুয়ো না দেওয়া হয়।

এই সপ্তাহে লিগে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। পিএসজি-মার্শেই দ্বৈরথ ফরাসি ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—‘লা ক্লাসিক’ বলে যার পরিচিতি। স্পেনে যা ‘এল ক্লাসিকো’, ফ্রান্সে সেটাই লা ক্লাসিক।

মার্শেইয়ের সাম্প্রতিক ইতিহাস তেমন সফল নয়, তাই বলে অন্তত দুই দলের সমর্থকদের কাছে এই ম্যাচের আবেদন কমে যায়নি। কমে যায়নি খেলোয়াড়দের কাছেও। এই ম্যাচে নেইমারের লাল কার্ড দেখার ইতিহাসও আছে। এমন এক ম্যাচে নিজেদের দর্শকরাই যদি সমর্থন না দেন, কী করে হবে?

কানাল প্লুসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে তাই সমর্থন চেয়েছেন ভক্তদের কাছে, “আমরা চাইব, সমর্থকেরা যেন সবসময়ের মতো এখনো আমাদের সঙ্গে থাকেন। আমরা তাঁদের কষ্ট টা বুঝি। তাঁরা যদি আমাদের সঙ্গে থাকেন, ব্যাপারটা সত্যিই দুর্দান্ত হবে। আর যদি না–ও থাকেন তা–ও আমরা আমাদের কাজটা ঠীকই করে যাব।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ