ব্যবহারকারীদের জন্য এখন পর্যন্ত এডিট বাটন চালু না করতে পারলেও চলতি সপ্তাহে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। শিগগিরই আনমেনশন ফিচার চালু করবে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
নতুন ফিচারটির মাধ্যমে যে কেউ বিদ্যমান কোনো কথোপকথন থেকে তাদের নাম মুছে দিতে বা সরিয়ে দিতে পারবে। বর্তমানে ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু আছে। তবে নোটিফিকেশন আসা বন্ধ করতে চাইলে এখন ব্যবহারকারীদের কথোপকথন থেকে বের হয়ে যেতে হবে। এর ফলে নতুন কোনো নোটিফিকেশন আসবে না এবং পুনরায় যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এক বিবৃতিতে টুইটার জানায়, আনমেনশন ফিচারটি বর্তমানে কিছু ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। কবে নাগাদ ফিচারটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে বা মোবাইল ডিভাইসে পাওয়া যাবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। ফিচারটির বর্তমান ভার্সনে শুধু লেখা দেখা যায়। এটি কোনো বার্তা পাঠায় না।


















