পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোট আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণের জন্য জাতীয় পরিষদ আজ দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ আজকের আলোচ্যসূচিতে রয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়েছে।
এই সপ্তাহের শুরুতে ডেপুটি স্পিকার কাসিম সুরির ৩ এপ্রিলের দেওয়া রায়কে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। কাসিম সুরির ওই রায়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়েছিল এবং পরবর্তীতে সংসদ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল।
পাকিস্তানের সংসদের ৩৪২ সদস্যের মধ্যে বিরোধীদের আনা অনাস্থার পক্ষে ১৭২টি ভোট দরকার।
ইতোমধ্যেই সংসদ ভবনে আইনপ্রণেতাদের উপস্থিতিতে অধিবেশন বসেছে। বিষয়টিকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রাখা হয়েছে।

আজকের অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার।
এদিকে পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ পুনর্বহাল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই রায়ে তিনি হতাশ বলে জানিয়েছেন।
ইমরান বলেছেন, চূড়ান্ত রায় দেওয়ার আগে আদালত ‘হুমকির চিঠি’ দেখে নিতে পারতেন। তিনি আরো বলেন, ‘আমদানি করা’ কোনো সরকারকে মেনে নেবেন না।


















