ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন

হাতের ইশারাকে লেখায় রূপান্তর করার প্রযুক্তি

ক্যামেরার সামনে আপনি আঙুলের সাহায্যে সাংকেতিক ভাষায় কোনো সংকেত দেখালেন, সাথে সাথে কম্পিউটারের স্ক্রিণে লেখা উঠল যা আপনি বোঝাতে চেয়েছেন সংকেতের মাধ্যমে। কেমন হতো বিষয়টি?

আসলে পৃথিবীর অনেক সাংকেতিক ভাষার মধ্যে অন্যতম হাত আর আঙুলের ইশারার সাহায্যে প্রকাশ করা ভাষা। এর ব্যাপক ব্যবহার থাকার পরও এখন পর্যন্ত এমন কোনো প্রযুক্তি বা সফটওয়্যার আবিষ্কার হয়নি যা এই সাংকেতিক ভাষাকে লেখায় রূপান্তর করতে পারবে।

সম্প্রতি ঠিক এমনই ধারণা সামনে নিয়ে এসেছেন ভারতীয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী। ভারতের ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয়াঞ্জলি গুপ্ত এমন একটি অসাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল তৈরি করেছেন যা আমেরিকান সাংকেতিক ভাষাকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করতে সক্ষম।

ডেটা সায়েন্টিস্ট নিকোলাস রেনোটের ‘রিয়েল-টাইম সাংকেতিক ভাষা শনাক্তকরণ’ ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এই এআই মডেলটি তৈরি করেছেন প্রিয়াঞ্জলি। তার তৈরি এআই মডেলটি একটি পূর্ব প্রশিক্ষিত মডেলের মাধ্যমে হাতের ইশারার সাংকেতিক ভাষাকে ইংরেজিতে অনুবাদ করতে সক্ষম।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রিয়াঞ্জলি বলেন, এক্ষেত্রে ব্যবহৃত ডেটাসেটটি একটি কম্পিউটার ওয়েবক্যাম এবং নির্ধারিত অ্যানোটেশনের (টিকা) সাহায্যে ম্যানুয়ালি তৈরি করা হয়েছে।

আপাতত মডেলটি একটি একক প্রশিক্ষিত ফ্রেমে কাজ করবে। ভিডিও শনাক্ত করার জন্য মডেলটিকে একাধিক ফ্রেমে প্রশিক্ষণ দিতে হবে। সেজন্য কাজ চলছে। এ কাজের জন্য লং শর্ট-টার্ম মেমোরি (এলএসটিএম) নেটওয়ার্ক ব্যবহার করার ইচ্ছে আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ