ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আজ আসছে নির্মাতা আজিজুর রহমানের লাশ

বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমানের লাশ দেশে আনা হচ্ছে। আজ (২০ মার্চ) দুপুরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই গুণী পরিচালকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

কাবিরুল ইসলাম রানা বলেন, আজিজ ভাইয়ের মরদেহ রবিবার দুপুরে ঢাকায় পৌঁছাবে। আমরা সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে লাশ গ্রহণ করে এফডিসিতে নিয়ে আসবো। উনার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, কানাডার টরন্টোর স্কারবোরোতে ইসলামিক ফাউন্ডেশনে আজিজুর রহমানের প্রথম জানাজা হয়েছে। এফডিসি থেকে তার লাশ নেওয়া হবে ঢাকার বাসা ধানমন্ডিতে। সেখানে বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর আগামীকাল সোমবার (২১ মার্চ) হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে আজিজুর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে। সেখানে এই কিংবদন্তি নির্মাতার ইচ্ছায় তার মায়ের কবরে তাকে চিরশায়িত করা হবে।

দীর্ঘদিন যাবৎ আজিজুর রহমান শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলাফেরা করতে পারতেন না। তিনি প্রায় এক যুগ ধরে স্ত্রীসহ কানাডায় তার দুই সন্তানের সঙ্গে থাকতেন। ১৪ মার্চ কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘ছুটির ঘণ্টা’খ্যাত এই পরিচালক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ