ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন

কিরণের সঙ্গে বিচ্ছেদের কারন জানালেন আমির খান

আমির খানের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-এর বিবাহবিচ্ছেদের পর নানা রকম গুঞ্জন উঠেছিল। ওইসময় দঙ্গল সিনেমায় একসঙ্গে কাজ করা ফাতিমা সানা শেখ-এর সঙ্গে আমির খানের প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।

১৫ বছর একসঙ্গে ছিলেন আমির খান-কিরণ রাও। গত বছর আলাদা হয়ে যান তারা। বিবাহবিচ্ছেদের ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে এই অভিনেতা অন্য কারো সঙ্গে সম্পর্কের কারণে কিরণ রাওকে তালাক দিয়েছেন। সম্প্রতি নিউজ ১৮ নামে এক সংবাদ মাধ্যমকে আমির খান তার বিবাহবিচ্ছেদের বিষয়ে বলেছেন, কিরণের সঙ্গে তালাক অন্য কারোর জন্য হয়নি। তখন তার জীবনে অন্য কেউ ছিল না, এখনও কেউ নেই।

এছাড়াও তার প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ কিরণের কারণে হয়নি এমনটা জানিয়েছেন এই অভিনেতা। আমির খান জানান, তিনি যখন রীনার থেকে আলাদা হয়েছিলেন তখন তার জীবনে কেউ ছিল না। যদিও তিনি কিরণকে চিনতেন, তবুও অনেক পরে তাদের বন্ধুত্ব হয়।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে, আমির এবং কিরণ একটি যৌথ বিবৃতিতে বলেছিলেন, এই ১৫টি বছরে আমরা একসঙ্গে সারাজীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করেছি এবং আমাদের সম্পর্ক শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসায় বেড়েছে। এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। সেটি হলো- স্বামী এবং স্ত্রী হিসাবে আর নয়, বরং একে অপরের জন্য সহ-বাবা-মা এবং পরিবার হিসাবে।

বিবৃতিতে তারা বলেন, আমরা কিছু সময় আগে একটি পরিকল্পিত বিচ্ছেদ শুরু করেছি, এবং এখন এই ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছি।ইন্ডাস্ট্রিতে আমির খানের পরবর্তী কাজ ‘লাল সিং চাড্ডা’। এতে দেখা যাবে কারিনা কাপুর খান এবং মোনা সিং-কে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ