ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন

টাকা চুরির অভিযোগে কলকাতা বইমেলা থেকে অভিনেত্রী গ্রেপ্তার

কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে রূপা দত্ত নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপা দত্ত নামের ওই নারী নিজেকে বলিউড অভিনেত্রী দাবি করেন। তার কাছ থেকে ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বইমেলায় বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছিলেন তিনি। দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। খবরটি এবিপি লাইভসহ বেশ কিছু স্থানীয় গণমাধ্যম প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী স্বীকার করেছেন যে জনবহুল এলাকা ও বড় বড় অনুষ্ঠানে গিয়ে তিনি মানুষের পকেটে হাতসাফাই করতেন। তার কাছ থেকে একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে টাকার হিসাব। তার কাছ থেকে বেশ কিছু মানিব্যাগও উদ্ধার করা হয়।

রূপা দত্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে। কেন তিনি এসব করেছেন, খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিনেত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরিও গভীরভাবে দেখছে পুলিশ।

সেখানে লেখা রয়েছে, কবে কোত্থেকে কত টাকা তিনি নিয়েছেন, কোথায় কবে কত টাকা খরচ করেছেন, সেসব হিসাব।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ