টিকটক ব্যবহারকারীরা এখন থেকে ১০ মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। সোমবার থেকে এ সুবিধা চালু করেছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। শুরুতে এক মিনিটের ভিডিও শেয়ার করা যেত টিকটকে। গত বছর তিন মিনিটের সুবিধা দেয় তারা। ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং জায়ান্টের সঙ্গে টেক্কা দেয়া এবং বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক। দৈর্ঘ্য বাড়ানো নিয়ে এক বিবৃতিতে টিকটকের এক মুখপাত্র জানান, ১০ মিনিটের বেশি সময়ের ভিডিও আপলোডের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কন্টেন্ট নির্মাতারা আরো সৃজনশীল বিষয় উপস্থাপন করতে পারবে বলেও জানান তিনি।
টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, গত কয়েক মাস যাবত বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড ফিচারের পরীক্ষা চালিয়েছে টিকটক। ২০২১ সালের জুলাই মাসে প্লাটফর্মটি ভিডিওর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে তিন মিনিটে উন্নীত করেছিল। ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে ইউটিউবের আরো শক্ত প্রতিযোগী হিসেবে বাজারে টিকটকের প্রভাব বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শর্টস নামক ফিচার চালু করেছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।


















