ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

ফায়ারফক্সের ভার্চুয়াল রিয়েলিটি ভার্সন বন্ধ করছে মজিলা

ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক ওয়েব ব্রাউজার ফায়ারফক্স রিয়েলিটি বন্ধ করে দিচ্ছে মজিলা। নতুন নামে পুনরায় প্রকল্পটি চালুর জন্য ভিন্ন দলের কাছে এর কার্যক্রম হস্তান্তর করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

ফ্রি সফটওয়্যার কনসালট্যান্সি প্রতিষ্ঠান ইগালিয়া ফায়ারফক্স রিয়েলিটিতে ব্যবহূত সোর্স কোড ব্যবহারের মাধ্যমে নতুন ব্রাউজারের উন্নয়নে কাজ করছে। ওলভিক নামে আগামী সপ্তাহে ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটির ব্রাউজারটি বাজারে উন্মুক্ত করা হতে পারে। অন্যদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মজিলা অ্যাপস্টোর থেকে ফায়ারফক্স রিয়েলিটি অপসারণ করবে।

এক ব্লগপোস্টে মজিলা ফায়ারফক্সের পরিবর্তনটিকে প্রাকৃতিক বিবর্তন হিসেবেই উল্লেখ করেছে। ২০১৮ সালে এর যাত্রা। ওয়েবভিআর ও ওয়েবএআরের স্ট্যান্ডার্ড উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্রযুক্তির উন্নয়নে আমরা এগিয়ে আছি। কিছু ক্ষেত্রে মজিলা সেসব প্রযুক্তির হোস্ট বা ইনকিউবেটর হিসেবে সামনে রয়েছে। অন্যান্য প্রযুক্তির সঙ্গে আমরা এমন সব সম্প্রদায় ও সংস্থার খোঁজ পেয়েছি, যেখানে আমাদের প্রকল্পগুলো ক্রমাগত বৃদ্ধি পেতে পারে এবং ওয়েবে অবদান রাখতে পারে। ইগালিয়া এর আগে ওয়েবকিট ও ক্রোমিয়াম ওপেন সোর্স প্রকল্পে অবদান রেখেছে।

বর্তমানে মেটার কোয়েস্ট হেডসেট, এইচটিসির ভাইভপোর্ট প্লাটফর্ম, পিকো স্ট্যান্ডালন ভিআর হেডসেট এবং মাইক্রোসফটের হলোলেন্স মিক্সড রিয়েলিটি হেডসেটে ফায়ারফক্স রিয়েলিটি ব্যবহার হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ