ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পাচ্ছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম

অর্থনীতি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননার জন্য মনোনীত হয়েছে।

টেকসই উন্নয়ন, নিরাপদ বাণিজ্য ও অভ্যন্তরীণ সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট-এর গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্টেকহোল্ডারগণকে সচেতন করার ক্ষেত্রে অনন্য সাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনবিআর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) ইআরএফ-এর সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সাক্ষরিত চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইআরএফ সভাপতি শারমিন রিনভী বিজনেস আই বাংলাদেশকে বলেন, সংগঠন হিসেবে কভিড-১৯ এর সময় আমরা আমাদের মেম্বারদের পাশে ছিলাম। আমাদের মেম্বাররাও দেশের ব্যবসা বাণিজকে গতিশীল রাখার জন্য নিজেদের জীবন বাজি রেখে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছে। আর এ সবকিছু বিবেচনায় পুরস্কারটি পেয়েছে।

পুরস্কার পাওয়ার বিষয়ে তিনি বলেন, পুরস্কার একটা কাজের স্বীকৃতি। ভালো কাজ করলে এর স্বীকৃতি আসে। এই পুরস্কার পাওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের আরো ভালো কাজ করার উৎসাহ ও কাজের গতি বাড়িয়ে দিবে। এ পুরস্কারটি আমরা পাচ্ছি মেম্বারদের অক্লান্ত পরিশ্রম আর কাজের বিনিময়ে। এজন্য তিনি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, এনবিআরসহ সর্বোপরি সকল মেম্বারদের ধন্যবাদ জানান।

ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বলেন, ইআরএফ যে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে ডব্লিউসিও-এর স্বীকৃতি তা প্রমাণ করে। সংগঠনটির একজন হিসেবে এমন সম্মাননায় আমি গর্বিত।

জাতীয় পর্যায়ে ইআরএফ প্রথমবারের মতো এ ধরনের সম্মাননা পেতে যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি বেলা ১১টায় ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান করা হবে।

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ঘোষণা অনুযায়ী প্রতিবছর ২৬ জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবে পালন করা হয়। সদস্যভুক্ত ১৭৯টি দেশের পাশাপাশি বাংলাদেশও দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে এনবিআর র‍্যালি ও সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ