ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

উন্নত চিপ উৎপাদন প্রযুক্তি কিনবে ইন্টেল

চিপ উৎপাদনে এএসএমএলের কাছ থেকে উন্নত টুল কিনবে ইন্টেল। এতে ৩৪ কোটি ডলার ব্যয় হবে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনকারী প্রযুক্তি জায়ান্টটি। খবর গ্যাজেটস নাউ।

গত বছরের চতুর্থ প্রান্তিকে পূর্বাভাসের তুলনায় এএসএমএল ভালো মুনাফা অর্জন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, তারা পরবর্তী প্রজন্মের পাঁচটি লিথোগ্রাফি মেশিন ক্রয়ের চাহিদা পেয়েছে। এর সঙ্গে আরো উন্নত একটি মডেলের চাহিদা পেয়েছে, যেটির ডিজাইন এখনো চলমান। পৃথকভাবে দেয়া এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ইন্টেল মেশিনগুলো কেনার চাহিদাপত্র দিয়েছে।

বর্তমানে বাণিজ্যিকভাবে এএসএমএলের সবচেয়ে উন্নত চিপ উৎপাদন মেশিন হচ্ছে ইইউভি লিথোগ্রাফি। মেশিনটি কম্পিউটার চিপের সার্কিট চিহ্নিতকরণে অধিক শক্তিশালী অতিবেগুনি রশ্মি ব্যবহার করে। এর একেকটির দাম ১৫ কোটি ডলারের কাছাকাছি। একটি অত্যাধুনিক চিপ প্লান্ট পরিচালনায় এ রকম ৯ থেকে ১৮টি মেশিনের প্রয়োজন হয়, যা বর্তমানে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল।

তাইওয়ানের টিএসএমসি, দক্ষিণ কোরিয়ার স্যামসাং, যুক্তরাষ্ট্রে ইন্টেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেশিনটি ব্যবহার করে। এএসএমএলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) রজার ডাসেন জানান, ২০২৩ সালে গ্রাহক পর্যায়ে পরীক্ষার জন্য প্রথম প্রোটোটাইপ মেশিনটি সরবরাহ করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ