ওপেন সোর্স সফটওয়্যারের সুরক্ষায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজ করতে চায় গুগল। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ ওপেন সোর্স সফটওয়্যার প্রজেক্টগুলো খুঁজে বের করে সেগুলোর নিরাপত্তায় আরো সক্রিয় ভূমিকা রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সম্প্রতি হোয়াইট হাউজে ওপেন সোর্স নিরাপত্তার ওপর একটি সামিট অনুষ্ঠিত হওয়ার পর এক ব্লগ পোস্টে এমন আহ্বান জানানো হয়। খবর এনগ্যাজেট।
গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার মনে করেন গুরুত্বপূর্ণ ওপেন সোর্স প্রজেক্টগুলোর অর্থায়ন এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য দেশটির পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ গড়ে তোলা উচিত।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধারণা করা হয়েছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হয় বলে ওপেন সোর্স সফটওয়্যার নিরাপদ। আরো ধারণা করা হতো, সফটওয়্যারের সমস্যা চিহ্নিত এবং সমাধানের জন্য অনেক মানুষ প্রতিনিয়ত লক্ষ রেখে চলেছে। কিন্তু বাস্তবতা হলো, যখন কিছু প্রজেক্টে সবাই লক্ষ রাখছে তখন অন্য প্রজেক্টগুলোয় চোখ রাখার জন্য কেউ নেই। বৃহত্তর ইকোসিস্টেমে একটি প্রজেক্ট কতটা সংকটপূর্ণ, এ পার্টনারশিপ তা বের করতে সাহায্য করতে পারবে বলে মনে করেন ওয়াকার।
ক্রিটিকাল প্রজেক্টগুলোর সুরক্ষায় সরকারি-বেসরকারি অর্থায়নের পরিমাণ বাড়ানো প্রয়োজন বলে জানান তিনি। এক্ষেত্রে গুগল এগিয়ে আসবে বলেও আশ্বাস দেন এ কর্মকর্তা। তিনি বলেন, অনলাইন জগতে ওপেন-সোর্স সফটওয়্যার হলো একটি সংযোগকারী টিস্যু।
সম্প্রতি লগ৪জে জাভা লাইব্রেরিতে একটি মারাত্মক ত্রুটি পাওয়া যায়। লগ৪শেল নামে পরিচিতি পাওয়া ত্রুটিটি সামনে আসার পর থেকে ওপেন সোর্স সফটওয়্যারের নিরাপত্তার প্রশ্নটি ব্যাপকভাবে সামনে আসে। এ ত্রুটির ফলে সাইবার আক্রমণকারীরা সহজেই লগ৪জে ব্যবহার হচ্ছে এমন ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারবে।



















