গ্রিসের দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপের কাছে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়।
এবিসি নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে এজিয়ান সাগরে একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিখোঁজদের সন্ধান করছে স্থানীয় কোস্টগার্ড।
নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে, নৌকাটি ডোবার আগে কতজন অভিবাসী ছিলেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এক কর্মকর্তা।
এজিয়ান সাগরে এ সপ্তাহে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। আগের ঘটনাটি গত মঙ্গলবার রাতের। দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী নৌকাডুবির ঘটনায় নিহত হন তিনজন। নিখোঁজ হন কয়েক ডজন।



















