ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

ক্যাটরিনার হাতে সাড়ে ৭ লাখ রুপির হীরার আংটি

বৃহস্পতিবার ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমকাহিনী কাঙ্ক্ষিত পরিণতি পেল। রূপকথার মতো স্বপ্নপুরীতে বিয়ে করলেন ক্যাটরিনা। নিরাপত্তার চাদরে মোড়া যোধপুর সিক্স সেন্সেস ফোর্টে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ জুটি। বৃহস্পতিবার রাতেই বিশেষ দিনের বিশেষ মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন ভিক্যাট। এ ছবিগুলোর একটিতে ক্যাটরিনার মেহেদিরাঙা বাঁ-হাতের অনামিকায় দেখা গেছে নীল রঙের একটি হীরার আংটি। যে আংটির দাম ৭ লাখ ৪৩ হাজার রুপি। ঝলমলে ওই আংটির মাঝের নীল হীরাটি কুশন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হীরা দিয়ে মোড়ানো। রিংটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টিফানি অ্যান্ড কো সংস্থা।

ফ্যাশনপ্রেমীদের কাছে খুব পরিচিত এ প্লাটিনামের আংটি। এমনই আংটি প্রিন্সেস ডায়ানাকে পরিয়েছিলেন প্রিন্স চার্লস। প্রিন্সেস ডায়ানা মারা যাওয়ার পর তার ওই আংটিটি পেয়েছিলেন ছেলের বউ কেট মিডেলটন, যা কেটকে বিভিন্ন অনুষ্ঠানে পরতে দেখা গেছে। অন্যদিকে টিফানি ক্লাসিং ওয়েডিং রিং কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। ওই হীরার আংটির দাম ১ লাখ ২৮ হাজার ৫৮০ রুপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভিক্যাট লেখেন, আমাদের দুজনের ভালোবাসা ও সম্মান আজকের এই দিনটি এনে দিয়েছে। আমাদের নতুন পথচলায় আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।

বিয়ের দিন ভারতের বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা জারদৌসি কাজ করা মটকা সিল্কের লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা। ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া সবই মুগ্ধ করেছে অনুরাগীদের। ব্রিটিশ অভিনেত্রী হওয়া সত্ত্বেও পাঞ্জাবি শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকেই নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। শ্বশুরবাড়ির পাঞ্জাবি শেকড়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ক্যাটরিনার মাথার লাল ওড়নাটি কিরণের কাজ দিয়ে সম্পূর্ণরূপে হাতে তৈরি হয়েছে। যেটি ছিল সোনা-রুপার ইলেকট্রোপ্লেট বসানো।

কনের সাজে ক্যাটরিনা সবার চোখ জুড়ালেও বরের সাজে ভিকি কোনো অংশে কম ছিলেন না। সব্যসাচীর ডিজাইন করা আইভরি সিল্ক শেরওয়ানিতে মেরুনরঙা কাজ করা, এককথায় রাজপুত্রের বেশে হাজির হন ভিকি কৌশল। মাথায় পাগড়ি, কপালে টিকা আর পশমিনা শাল গায়ে ক্যাটরিনার হাত ধরে সাত পাক ঘোরেন ভিকি কৌশল।

বিয়ের পর্ব শেষে শিগগিরই নিজেদের পেশাগত কাজে মনোযোগ দেবেন নবদম্পতি। আবারো বিজয় সেতুপতির ছবির শুটিং শুরু করবেন ক্যাট। আর ভিকি শুরু করবেন দীনেশ ভিজানের ছবির শুটিং। বিয়ের আগে জানা গিয়েছিল ভিকি ও ক্যাটরিনা উভয়ই তাদের ছবিগুলো সময়মতো শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই বিয়ের পরেই হানিমুনে যাবেন না।

আরো জানা যায়, একটি স্ট্রিমিং প্লাটফর্ম ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি ও ভিডিও কেনার প্রস্তাব দিয়েছে। তবে সেই প্রস্তাবে ভিক্যাট সায় দিয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

এছাড়া বিয়ের আগে আইনি জটিলতার মুখে পড়েন বলিউড যুগল। শুধু ভিক্যাট নন, সিক্স সেন্সেস ফোর্টের ম্যানেজার ও সাওয়াই মধুপুর জেলা কালেক্টরের নামে অভিযোগ দায়ের করেন নেত্রবিন্দু সিং যাদয়া নামে রাজস্থানের এক আইনজীবী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ