গ্রাহকদের সুবিধা বিবেচনায় সেলফ সার্ভিস রিপেয়ার প্রোগ্রাম চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ফলে ব্যবহারকারীরা অরিজিনাল পার্টস ও টুল ব্যবহারের মাধ্যমে তাদের নষ্ট হয়ে যাওয়া ডিভাইস মেরামত করতে পারবেন। খবর এনগ্যাজেট।
২০২২ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এ পরিষেবা চালু করা হবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে এ সেবা ছড়িয়ে যাবে এবং প্রাথমিকভাবে আইফোন ১২ অথবা আইফোন ১৩ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করবে। প্রথম পর্যায়ের সেলফ সার্ভিস রিপেয়ার প্রোগ্রামে ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে দেয়া হবে এবং পরে অন্যান্য যন্ত্রাংশ সরবরাহ করা হবে।
মেরামতের আগে অ্যাপল গ্রাহকদের রিপেয়ার ম্যানুয়াল দেখার জন্য আহ্বান জানাবে এবং এরপর সেলফ সার্ভিস রিপেয়ার অনলাইন স্টোর থেকে যন্ত্রাংশ কেনার সুবিধা দেবে। তবে কোন যন্ত্রাংশের দাম কেমন হবে, সে বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি।


















