উপসাগরীয় কোনো দেশের নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সমন্বয়ে পরিচালিত ইসরায়েলি রণতরীর সাথে যৌথ নৌ মহড়া চালাচ্ছে এমন ঘটনা এই প্রথম। মাত্র তিনবছর আগেও বিষয়টা ছিল অচিন্ত্যনীয়। লোহিত সাগরে পাঁচ দিনের এই নৌ মহড়ায় অংশ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, ইসরায়েল ও মার্কিন রণতরীগুলো।
এই মহড়া শুরু হয়েছে গত বুধবার এবং ‘জাহাজের মুক্ত চলাচল নিশ্চিত করতে’ জাহাজে ওঠা, অনুসন্ধান চালানো এবং তা জব্দ করার কৌশল এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথভাবে কাজ করতে অংশ গ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধি এই প্রশিক্ষণের লক্ষ্য।
২০২০ সালের সেপ্টেম্বরে আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে অ্যাব্রাহাম চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করার পর এই যৌথ মহড়ায় দেশগুলো অংশ নিচ্ছে। ওই চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল এবং উপসাগরীয় দেশ দু’টির মধ্যে কূটনৈতিক, সামরিক এবং গোয়েন্দা যোগাযোগের ব্যাপারে ব্যাপক ভিত্তিতে আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে ইরান বিষয়ে এই দেশগুলোর একই ধরনের উদ্বেগের পটভূমিতে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান নিজে বাহরাইনে গেছেন এবং অক্টোবর মাসে ইউএই-র বিমান বাহিনীর অধিনায়ক প্রথম বারের মত এ ধরনের একটি সফরে ইসরায়েল গেছেন।



















