ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের যুব দলের দায়িত্বে চন্দরপল

আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর তিন মাস আগে ক্যারিবীয়দের যুব দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হলো দেশটির কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণ চন্দরপলকে। অ্যান্টিগায় শুরু হতে যাওয়া হাই পারফরম্যান্স ক্যাম্প দিয়ে দায়িত্ব গ্রহণ করবেন চন্দরপল।

এ বাঁহাতি কিংবদন্তি ছাড়াও দলের হেড কোচ হিসেবে আছেন ফ্লয়েড রেইফার। সহকারী কোচ হিসেবে থাকছেন রোহান নার্স ও বোলিং কোচের দায়িত্বে থাকছেন আরেক কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস। আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চলবে হাই পারফরম্যান্সের প্রস্তুতি ক্যাম্প।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লুসি) পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘চন্দরপলের ক্রিকেট জ্ঞান অসাধারণ এবং কোচিং স্টাফে তার যোগদান দলের ভেতরে অনন্য মাত্রা যোগ করবে।’

অ্যাডামস আরও যোগ করেছেন, ‘আমাদের কোচিং ক্যাম্পে স্যার কার্টলি অ্যামব্রোসের মতো আইকনও আছে, যিনি আগস্ট থেকে এই স্কোয়াডের সঙ্গে কাজ করছেন। এছাড়া আরও অনেক কিংবদন্তি কোচও আছে।’

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২০৯৮৮ রান করেছেন চন্দরপল। যা উইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে ব্রায়ান লারার পরে দ্বিতীয় সর্বোচ্চ।

সাদা পোশাকের ক্রিকেটে ১৬৪ ম্যাচ খেলে ৫১.৩৭ গড়ে চন্দরপল করেছেন ১১৮৬৭ রান। ক্যারিবীয়দের মধ্যে ১১৯১২ রান করে সর্বোচ্চ স্থানে রয়েছেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রায়ান লারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ