ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন

পার্লামেন্টে গুলি চালিয়ে মালাউইর সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

গাড়ির বিমা সংক্রান্ত সুবিধাদি পাওয়ার দাবি পূরণ না হওয়ায় মালাউইর পার্লামেন্ট ভবনের ভেতর মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন দেশটির এক সাবেক ডেপুটি স্পিকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্ব) পার্লামেন্টে গিয়ে এই ঘটনা ঘটান।

মালাউই পার্লামেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়াইয়া পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন। ঘটনাটি পরিসেবার শর্তাবলী বাস্তবায়নে হতাশার সঙ্গে সম্পর্কিত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ৫০ বছর বয়সী চিওয়াইয়ার ডেপুটি স্পিকার পদে মেয়াদ শেষ হয়েছে বছর দুয়েক আগে। মেয়াদ শেষ হওয়ার আগে তিনি একটি গাড়ি কিনেছিলেন। কিন্তু ছয় মাস আগে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। চিওয়াইয়া চাচ্ছিলেন, গাড়ি মেরামতের অর্থ যেন পার্লামেন্ট থেকে দেওয়া হয়।

সাবেক ডেপুটি স্পিকার বৃহস্পতিবার হুইলচেয়ারে করে পার্লামেন্ট ভবনে গিয়েছিলেন এ বিষয়ে কথা বলতে। এসময় হুইলচেয়ারের মধ্যে লুকিয়ে একটি অস্ত্রও সঙ্গে নিয়ে যান তিনি।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিকিউরিটি স্ক্যানার সতর্ক সংকেত দিয়েছিল। তবে চিওয়াইয়া শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সতর্কতার কারণ হুইলচেয়ার বলে মনে করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ