গত মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর ১৫ আগস্ট তালেবান তালেবানরা প্রতিবেশী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খান। বুধবার ইসলামাবাদে ইমরান খানের ব্যক্তিগত বাসভবন বাণীগালা থেকে সিএনএনকে দেয়া তার সেই সাক্ষাতকারের উল্লেখযোগ্য অংশ দু’পর্বে প্রকাশ করা হ’ল।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তালেবানদের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং নারীদের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক সরকারের মতো বিষয়ে তাদের উৎসাহিত করা।’ তিনি বলেন, ‘মানবাধিকার ইস্যুতে তালেবানদের সময় দেয়া উচিত। এবং সাহায্য সহযোগিতা ছাড়া সেখানে বিশৃঙ্খল এক অবস্থার সৃষ্টি হতে পারে।’ ইমরান খান বলেন, ‘তালেবানরা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা যদি এখন সবার অংশগ্রহণমূলক সরকারের দিকে অগ্রসর হয়, সব দলকে একত্রিত করে, তাহলে ৪০ বছর পর শান্তি আসতে পারে দেশটিতে। কিন্তু তারা যদি ভুলপথে চলে, যা নিয়ে আমরা বাস্তবেই উদ্বিগ্ন, তাহলে আফগানিস্তানে বিশৃংখল এক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সৃষ্টি হতে পারে এক ভয়াবহ মানবিক সঙ্কট, বিশাল শরণার্থী সঙ্কট।’














