একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আবুল হায়াতের আজ জন্মদিন। তিনি ৭৭ বছরে পা দিচ্ছেন। তবে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন আয়োজন করছেন না। কারণ তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত সন্তানদের নিয়ে দেশের বাইরে আছেন। আর দ্বিতীয় কারণা করোনা। তবে আবুল হায়াত জানান, যেহেতু তার ছোট মেয়ে নাতাশা’র মেয়ে অর্থাৎ তাঁর নাতনী শ্রীষার জন্মদিন একই দিনে, তাই তাকে নিয়ে বিশেষভাবে কাটবে এবারের জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘করোনা’র কারণে আমাদের জীবন একেবারেই বিপর্যস্ত। শুধু বাংলাদেশে নয়, এই পরিস্থিতি সারা বিশে^ই বিরাজমান। এখন অবস্থা এমন হয়ে গেছে, করোনা’র মধ্যে থেকেই জীবনের ঝুকি নিয়ে মানুষকে কাজ করতে হচ্ছে। আমিও যেমন দু’দিন আগে নাটকের শুটিং করেছি। কিছু করার নেই, এরমধ্যে থেকেই যতটা সচেতন থেকে শুটিং করা যায়।
ঘরে আর কতদিন বসে থাকা যায়। যেহেতু বিপাশা তৌকীর এবং তার সন্তানেরা দেশে নেই, তাই এবার জন্মদিনকে ঘিরে তেমন কোন উচ্ছ্বাসও নেই। আমার জন্মদিনেই আমার নাতনী শ্রীষার জন্মদিন। তাকে ঘিরেই আসলে আমার আনন্দ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আরেকটি কথা না বললেই নয়, আমার আজকের অবস্থানের নেপথ্যে আমার মা বাবা এবং আমার স্ত্রীর ভূমিকা এক কথায় অনন্য।’ উল্লেখ্য, আবুল হায়াতের ৭৫’তম জন্মদিনে প্রকাশিত হয়েছিলো দেশের নানান অঙ্গনের ১০০জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে ‘সার্থক জনম হে তোমার শিল্পী সুনিপুণ’।
আবুল হায়াতের প্রবল ইচ্ছা কোন শিক্ষা প্রতিষ্ঠানে অভিনয়ের উপর ক্লাশ নেয়া। কোন প্রতিষ্ঠান আগ্রহী হলে তিনি তা ভেবে দেখবেন বলে জানান। তিনি বর্তমান প্রজন্মের সঙ্গে তার অভিনয়ে অভিজ্ঞতা শেয়ার করতে চান। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় আবুল হায়াত মঞ্চে প্রথম ‘টিপু সুলতান’ নাটকে অভিনয় করেন। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘারে রোঁ’। টিভিতে তার প্রথম নাটক ছিলো জিয়া হায়দারের প্রযোজনায় ‘ইডিপাস’। মঞ্চে তার নির্দেশত প্রথম নাটক ‘আগন্তুক’ এবং টিভিতে ‘হারজিৎ’। প্রথম অভিনীত সিনেমা ঋত্তি¦ক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’। ১৯৭৪ সালে আলী যাকেরের নির্দেশনায় মঞ্চে ‘বাকী ইতিহাস’ নাটকে অভিনয় করে তিনি ‘সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইনট্রিডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এটি বাংলাদেশে দর্শনীর বিনিময়ে প্রথম মঞ্চ নাটক। জন্মদিনে বরেণ্য এই অভিনেতাকে শুভেচ্ছা।



















