মুনমুন সেনের বাড়িতে তাণ্ডব চালালো একদল দুর্বৃত্ত। প্রাক্তন সাংসদ-অভিনেত্রীর বাড়ির কর্মচারীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনার পরই বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান মুনমুন সেন। তার অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত শনিবার রাত ১১টা নাগাদ। অভিযোগ, সেই সময় আচমকা মুনমুন সেনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে ১০-১৫ জন দুর্বৃত্ত। কর্মচারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে দুর্বৃত্তরা। তাদের মারধরও করা হয়।
ঘটনায় কার্তিক, বুদ্ধ ও শংকর নামের তিনজন আহত হন। মুনমুন সেনের কর্মচারীদের পোশাকও ছিঁড়ে দেয় দুর্বৃত্তরা। গন্ডগোলের আঁচ পেয়েই ঘরের বাইরে বেরিয়ে আসেন মুনমুন সেন। পরিস্থিতি দেখে বালিগঞ্জ থানায় ফোন করে খবর দেন তিনি।
অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম বান্টি নস্কর (২১), বিশাল নস্কর (১৮), রোহন রাম (১৯), রোহিত রাম (২৪)। পদ্মপুকুর লেন ও চক্রবেড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার আবেদন জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের জামিন না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন সুচিত্রাকন্যা মুনমুন সেন। সেবছর ভোটে জিতে বাঁকুড়া কেন্দ্রের সংসদ হন তিনি। কেন ওই দুর্বৃত্তরা প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা চালিয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এর জন্য ধৃতদের একপ্রস্থ জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে। তাও জানার চেষ্টা করছে পুলিশ।



















