ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

সালমান শাহ চলে যাওয়ার ২৫ বছর

দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো। ঢাকাই চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহর ২৫তম মৃতু্যবার্ষিকী আজ। ১৯৯৬ সালের আজকের দিনে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান না ফেয়ার দেশে। অমর হয়ে আছেন সবার মাঝে।

‘ভালো আছি ভালো থেকো/আকাশের ঠিকানায় চিঠি লিখো’ এ গানের কথার মতোই অসংখ্য ভক্তরা প্রিয় নায়কের কাছে ভালোবাসা নিবেদন করেন আকাশের ঠিকানায়। সালমান ভক্তরা এখনো প্রিয় নায়কের স্মৃতি বয়ে বেড়ান রুপালি পর্দায়।

মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন সালমান শাহ। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়।

দেশীয় সিনেমায় ধূমকেতু হয়েই যেন ধরা দিয়েছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। একই সিনেমায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌসুমীরও।

প্রথম সিনেমাতেই সাফল্যের দেখা পান তিনি। তার চলন-বলন ও পোশাক-পরিচ্ছদ তরুণদের মন জয় করে নেয়। সেই সময়ের তরুণরা তার স্টাইলে শার্ট-প্যান্ট, মাথার টুপি এমনকি চুলের স্টাইলও করত।

নায়ক সালমান ও ব্যক্তি সালমান দুইটিই জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করে। বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের এই তুমুল জনপিয় এই নায়কের ২৫তম মৃতু্যবার্ষিকী পালন করছে তার ভক্তরা। সালমানের মৃতু্যর দুই যুগ পেরিয়ে গেলেও তাকে নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা থামেনি।

সালমান শাহর বিশেষত্ব ও জনপ্রিয়তা নিয়ে চলচ্চিত্র বিশ্লেষক ও চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু মনে করেন, সালমান শাহ যে সময়টিতে অভিনয়ে এসেছিলেন, তখন বাংলাদেশের চলচ্চিত্রে পালাবদলের সময়। ১৯৭০-৮০’র দশকের নায়কদের পরে চলচ্চিত্রে সালমানের আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। নায়ক রাজ্জাক, আলমগীর এবং ফারুকের পর নতুন একদল তরুণ নায়কের আবির্ভাব হয়েছিল ঢাকার চলচ্চিত্রে।

নব্বইয়ের দশকের প্রথম দিকে বাংলাদেশের চলচ্চিত্রে যত নায়কের আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে বেশি প্রতিশ্রম্নতিশীল ছিলেন। সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্নধারা খুঁজে পেয়েছিল। অনেকে সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়া খুঁজে পেয়েছিল।’ সালমান শাহ নামটি ছিল সিনেমার জন্য। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেটে জন্মগ্রহণ করেন।

তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান শাহ ক্যারিয়ারের শুরুতে কাজ করেছেন ছোট পর্দায়। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। এ ছাড়া প্রচুর বিজ্ঞাপনও করেছেন তিনি। সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’ (বিপরীতে মৌসুমী), তুমি আমার (শাবনূর), অন্তরে অন্তরে (মৌসুমী), কন্যাদান (লিমা), জীবন সংসার (শাবনূর), চাওয়া থেকে পাওয়া (শাবনূর), সুজন সখী (শাবনূর), বুকের ভেতর আগুন (শাবনূর), এই ঘর এই সংসার (বৃষ্টি), স্নেহ (মৌসুমী), বিচার হবে (শাবনূর), প্রেমযুদ্ধ (লিমা), মহামিলন (শাবনূর), তোমাকে চাই (শাবনূর), বিক্ষোভ (শাবনূর), আশা-ভালোবাসা (শাবনাজ), মায়ের অধিকার (শাবনাজ), আঞ্জুমান (শাবনাজ), আনন্দ অশ্রম্ন (শাবনূর), প্রেম পিয়াসী (শাবনূর), সত্যের মৃতু্য নেই (শাহনাজ), প্রিয়জন (শিল্পী), শুধু তুমি (শ্যামা), স্বপ্নের পৃথিবী (শাবনূর), স্বপ্নের নায়ক (শাবনূর), দেন মোহর (শাবনূর) ও স্বপ্নের ঠিকানা (শাবনূর)। ‘বুকের ভেতর আগুন’ ছিল সালমান অভিনীত শেষ সিনেমা। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৪টি সিনেমায় অভিনয় করেন শাবনূর।

শাবনূরের জনপ্রিয়তা তৈরি হয় সালমানের সঙ্গে অভিনয় করে। ১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরুতে বিষয়টি আত্মহত্যা বলা হয়। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। বিষয়টি নিয়ে মামলা এখনো চলমান। সালমান শাহর মৃতু্যবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। বিএফডিসিতে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পী সমিতি।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান সকালে কোরআন খতম ও বাদ আসর দোয়ার মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এ ছাড়া টিভি চ্যানেলগুলোও এই প্রিয় নায়ককে নিয়ে প্রচার করবে নানা অনুষ্ঠান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ