ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

বিপুল অর্থ সঙ্গে নেওয়ার অভিযোগ অস্বীকার আশরাফ গনির

অবশেষে সন্ধান মিলেছে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির। কাবুল ছাড়ার পর তিনি আশ্রয় নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। দেশ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান। একই সঙ্গে দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে আসার অভিযোগ অস্বীকার করেছেন গনি। খবর আল জাজিরা ও বিবিসির।

গনি বলেন, তিনি দেশত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে তার সন্ধানে ‘প্রতিটি কক্ষে’ তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনও শান্তিপূর্ণ সমাধান হবে না।

গত ১৫ আগস্ট (রবিবার) তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায়, মানবিক কারণে গনি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় আশরাফ গনি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ত্যাগ করেছেন। তা না হলে তার ভাষায় আফগানিস্তানের পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো।

দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় চার গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় তিনি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিয়ে যেতে পারেননি এমনকি নিজের স্লিপারটি পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ারও সুযোগ পাননি!

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ