ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

আফগানিস্তানে তিনদিনে ২৭ শিশু নিহত : ইউনিসেফ

আফগানিস্তানে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে তিনদিনে অন্তত ২৭ শিশু নিহত ও আরো শতাধিক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

গতকাল সোমবার (৯ আগস্ট) আফগানিস্তানে শিশু হতাহতের এই পরিসংখ্যান দিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি বলেছে, শিশুর বিরুদ্ধে এমন সহিংসতা ও অধিকার লঙ্ঘনের ঘটনায় তারা খুবই মর্মাহত। শিশুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে তা দিন দিন বাড়ছে।

সংস্থাটি আরো জানায়, গত তিনদিনে কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে ২৭ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। আর এই তিন জায়গাতেই একই সময়ে আহত হয়েছে ১৩৬ শিশু। শিশুর বিরুদ্ধে নৃশসংতা দিন দিনই বাড়ছে।

ইউনিসেফ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আফগানিস্তানের সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর গত শুক্রবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়টি আঞ্চলিক রাজধানীর দখল নিয়ে তালেবান যোদ্ধারা সারা দেশে বড় ধরনের অগ্রগতি করছে। তারা যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে।

গত এক মাসে এই সংঘর্ষের ফলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউনিসেফ আফগানিস্তানের সামান্থা মর্ট বলেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি আফগানিস্তান। তবে, সাম্প্রতিক সপ্তাহে বিশেষ করে গত ৭২ ঘণ্টায় এখানকার পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

ইউনিসেফের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি হার্ভি লুদভিক ডি লিস এক বিবৃতিতে বলেন, এগুলো কেবলমাত্র সংখ্যা নয়, প্রতিটি মৃত্যু ও প্রতিটি শিশুর শারিরীক যন্ত্রণা ব্যক্তিগত ট্র্যাজেডি। এই শিশুরা কারও আদরের কন্যা, করো পুত্র, ভাই, বোন, কাজিন কিংবা বন্ধু। আন্তর্জাতিক আইনে এই শিশুদের সবারই সুরক্ষিত থাকার অধিকার আছে। কিন্তু বিবাদমান পক্ষগুলো এই অধিকার লঙ্ঘন করছে।’ -বিবিসি ও ডেইলি স্টার

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ