ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

প্রতারণার অভিযোগ থেকে রেহাই পেলেন ব্রিটিশ-বাংলাদেশি এমপি

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি আফসানা বেগমের বিরুদ্ধে যুক্তরাজ্যের এক আদালতে জালিয়াতির যে অভিযোগ আনা হয়েছিল তা থেকে তিনি নির্দোষ বিবেচনায় খালাস পেয়েছেন।

৩১ বছর বয়সী আফসানা পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম আসনের এমপি। তিনি লেবার পার্টির টিকেটে এই আসন থেকে এমপি নির্বাচিত হন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি অসত্য তথ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছ থেকে আবাসন ভাতা নিয়েছিলেন।

গত শুক্রবার (৩০ জুলাই) লন্ডনের স্নেয়ার্সব্রুক কাউন্টি আদালতকে আফসানা জানিয়েছেন, তার আর্থিক বিষয় দেখাশোনা করতেন তার স্বামী, যিনি সবকিছু ‘নিয়ন্ত্রণ’ করতে চান এবং তার নামে আবাসনের আবেদনটি করা হয়েছিল, এটা জানার পর তিনি অবাক হয়েছিলেন।

তিনি আরো অভিযোগ করেন, তার বিরুদ্ধে এই অভিযোগ আনার পেছনে ‘হীন অভিপ্রায়’ কাজ করেছে।

আদালত যখন তাকে নির্দোষ বলে রায় দেয় তখন আফসানাকে কাঠগড়ায় কাঁদতে দেখা যায়। পরে এক বিবৃতিতে তিনি বলেন, এই মামলার কারণে তার সুনামের বিরাট ক্ষতি হয়েছে এবং তাকে বিরাট দুর্ভোগ পোহাতে হয়েছে।

তিনি বলেন, তিনি পারিবারিক নির্যাতনের শিকার এক নারী। তার বিরুদ্ধে এরকম হয়রানিমূলক অভিযোগ আনার পর গত ১৮ মাস ধরে তাকে অনলাইনে অনেক নারীবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। তাকে অনেক রকম হুমকি দেয়া হয়েছে। তার জন্য এটি ছিল খুব কঠিন একটা সময়। অন্য কেউ যেন এরকম ঘটনার শিকার না হন, কীভাবে তা নিশ্চিত করা যায়, সেটা নিয়ে তিনি ভাববেন।

আফসানা ২০১৯ সালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে পপলার অ্যান্ড লাইম আসনে জয়ী হন। ২০১১ সালের ২২ জুলাই তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং রেজিস্টারে তালিকাভুক্ত হন আবাসন সুবিধার জন্য।

তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা ছিল ২০১৩ সালের ১৮ জানুয়ারি হতে ২০১৪ সালের ২৪ মে এবং ২০১৫ সালের ২৮ অক্টোবর হতে ২০১৬ সালের ২১ মার্চ সময়কালে নেয়া আবাসন সুবিধার জন্য। অভিযোগ করা হয়েছিল, আফসানা বেগম প্রথম আবাসন সুবিধা নিয়েছিলেন তিন বেডরুমের একটি জনাকীর্ণ বাড়িতে থাকেন বলে। এই দাবির কারণে তিনি আবাসন প্রার্থীদের তালিকায় অগ্রাধিকার পেয়েছিলেন। -বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ