ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২:১১ পূর্বাহ্ন

ভারতের মন্ত্রিসভায় রদবদল, ৪৩ মন্ত্রীর শপথ

করোনাভাইরাস মহামারি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে মন্ত্রিসভায় রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন ভারতের নতুন ৪৩ জন মন্ত্রী। এদের মধ্যে নতুন মুখ রয়েছেন ৩৬ জন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দ্বিতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভা সংস্কারের উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদি। রদবদলকে কেন্দ্র করে এর আগে স্বাস্থ্য-শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মোদির নতুন মন্ত্রিসভা হয়েছে ধর্ম, বর্ণ, গোত্র, অঞ্চল, অভিজ্ঞতা ও দক্ষতায় ভারসাম্যের ভিত্তিতে। নতুন মন্ত্রীদের মধ্যে ১৪ জনের বয়স ৫০ বছরের নিচে। নতুন সদস্যদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ১৮ জনের মন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া ভিন্ন ভিন্ন পেশাজীবীদের উপযুক্ত সংমিশ্রণে হয়েছে এবারের মন্ত্রিসভা। যেখানে অন্তত ১৩ জন আইনজীবী, ছয়জন চিকিৎসক, পাঁচজন প্রকৌশলী, সাতজন সকারি চাকরিজীবী স্থান পেয়েছেন। এছাড়া সাতজনের বিভিন্ন গবেষণায় ডিগ্রি এবং অন্তত তিনজনের ব্যবসায়িক ডিগ্রি রয়েছে। নয়টি রাজ্য থেকে উঠে আসা ১১ জন নারী মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মোদির নতুন মন্ত্রিসভায় রেকর্ড ১২ জন বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা ঠাঁই পেয়েছেন। বিহার, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, রাজস্থান ও তামিলনাড়ু থেকে মন্ত্রী হয়েছেন। এছাড়া ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকে হয়েছেন তিনজন মন্ত্রী। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ