এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “আমরা কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কোভিড ১৯ এর ভয়াবহতায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান লকডাউন এর শুরু থেকে এই কার্যক্রম চলমান আছে এবং পুরো রমজান মাস জুড়ে পরিচালিত হয়ে আজ পবিত্র ঈদ ঊল ফিতর এর দিনেও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির প্রয়াসে খাবার বিতরণ কার্যক্রম চলমান ছিল।
“মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে” এই নীতিতে ফাউন্ডেশন এর কার্যক্রম চলমান আছে। আজ ঢাকা মহানগরীর বিভিন্ন সড়কে প্রায় সাড়ে চার শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় খাবার হিসাবে পোলাও, রোস্ট, জর্দা ও পানি বিতরণ করা হয়।

চলমান এই কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। প্রতিদিন প্রায় তিন থেকে ছয় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হলেও চাহিদা বৃদ্ধির কারনে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে। ফাউন্ডেশনের অস্থায়ী রান্নাঘরটি মালিবাগ, চৌধুরীপাড়া থেকে পরিচালিত হয়েছে।
এখানে উল্লেখ্য যে, ঢাকার পাশাপাশি ঠাকুরগাঁও, দিনাজপুর, কুমিল্লা, ফেনী, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতেও স্বল্প পরিসরে খাবার বিতরণ ও ঈদ উপহার বিতরণ করা হয় পবিত্র রোজার মাসের বিভিন্ন সময়ে।
দেশের ও বিশ্বের চলমান করোনা’র (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকে “ক্ষুদ্র প্রয়াসে পাশে আছি” এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ঈদ উল ফিতরের দিন থেকে শুরু করে খাবার বিতরণ কার্যক্রমটি চলমান আছে, যেটি প্রাথমিকভাবে মাসে ২ বার করে পরিচালিত হলেও; বর্তমান লকডাউনে প্রতিদিন চলমান আছে।
এখানে উল্লেখ্য যে; “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপ “এস এস সি ২০০০ ও এইচ এস সি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৯০০০ হাজার।



















