দেশে মেডিকেল শিক্ষায় ভর্তির সুযোগ আরও বাড়ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হবে। কলেজ তিনটিতে ৫০টি করে মোট ১৫০টি আসন নির্ধারণ করা হয়েছে।
নতুন কলেজ তিনটি হলো— রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। এ তিনটি যুক্ত হওয়ায় দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়ালো ৪০টিতে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির হালনাগাদকৃত চূড়ান্ত আসন তালিকা থেকে এ তথ্য জানা গেছে। গত ২২ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদ-সংক্রান্ত সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ৫০টি করে আসনে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছিল।
রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এ কলেজ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রাথমিক পর্যায়ে হাসপাতাল ভবনের দুটি তলা শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরির উপযোগী করে শিক্ষা কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজের মধ্যে বগুড়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে ১০টি করে মোট ২০টি আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন ২৫০টি থেকে বেড়ে ২৭০টিতে দাঁড়িয়েছে। ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামের নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

অন্যদিকে, দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে। নীতিমালা ও মানদণ্ড পূরণ না করায় দুটি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ২১টি। এ ছাড়া ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে। এবারের মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


















