রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে উদ্যোগী হয়েছে মস্কো ও ইসলামাবাদ।
গত ২৫ নভেম্বর মস্কোতে দুই দেশের আন্তঃসরকারি কমিশনের ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়েভ ও পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী আওয়াইস আহমেদ খান লেঘারি নেতৃত্ব দেন। বৈঠকে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচিতে সই করেছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, ওষুধ, শিল্প, পরিবহন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এতে।
২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৮০ কোটি ডলার। নতুন লক্ষ্য পূরণ হলে বর্তমান বাণিজ্যের তুলনায় তা প্রায় তিন গুণ হবে। ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
জ্বালানি খাতে তেল ও গ্যাসে অংশীদারত্ব, পাকিস্তানে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।
মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়টিও এগোচ্ছে। কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশে নভোচারী পাঠানো এবং জ্যোতির্বিজ্ঞানসংক্রান্ত প্রযুক্তি বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এ বিষয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় নথি প্রস্তুত করা হয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের পরবর্তী বৈঠকে সেগুলো স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মস্কো সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সফরে জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, রেল, ব্যাংকিং, প্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে ১৫ থেকে ১৬টি চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।
রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে মস্কো-ইসলামাবাদের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার দিকে নজর রাখছে নয়াদিল্লি।


















