ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আট বছর পর চা শ্রমিক ইউনিয়নে ভোট

দীর্ঘ আট বছর পর আজ শনিবার দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার বাগানগুলোতে একযোগে ভোট হচ্ছে। প্রতিটি চা বাগানকেই একটি করে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। হবিগঞ্জের ২৬টি বাগানেও ভোটগ্রহণ চলছে।

এবারের নির্বাচনে লক্ষাধিক শ্রমিক ভোট দিচ্ছেন। মৌলভীবাজার জেলায় সর্বাধিক ১৩৫টি বাগানে ৬০ হাজার ৪৯২ জন ভোটার রয়েছেন। ভোট ঘিরে বাগানগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রত্যেক ভোটার তিনটি প্যানেলে ভোট দিচ্ছেন। একটি ভোট কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচনে, দ্বিতীয়টি সংশ্লিষ্ট ভ্যালি কমিটির নেতৃত্ব নির্বাচনে এবং তৃতীয়টি নিজ কর্মস্থল ও বসবাসের চা বাগানের পঞ্চায়েত কমিটি নির্বাচনে দিতে হচ্ছে। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি, হবিগঞ্জের চুনারুঘাটের চানপুর চা বাগানের নিপেন পাল এবং হবিগঞ্জের আমু চা বাগানের মুকেশ কর্মকার।

চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর আবার ভোটের মাঠে ফিরছেন চা শ্রমিকরা।

নির্বাচন শেষে সাতটি ভ্যালি থেকে নির্বাচিত ২২ জন সদস্য যুক্ত হয়ে ৩০ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন