ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল আবদুন নূর সজল ও অধরা খান জুটির প্রথম সিনেমা ‘ঋতুকামিনী’র। সব প্রস্তুতি শেষ হলেও শেষ মুহূর্তে পিছিয়ে গেল ছবিটির মুক্তি। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারিতে দর্শকের সামনে আসবে জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটি।
মুক্তির সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি জানান, সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তবে স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময় থেকে এক মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজক বিভিন্ন স্পনসরের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যে কয়েকটি কোম্পানির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘ঋতুকামিনী’তে উঠে আসবে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা ও পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প। এতে গ্রামের বখাটে যুবক জামাল চরিত্রে অভিনয় করেছেন সজল। অন্যদিকে, গ্রামের সহজ-সরল মেয়ে কুমকুমের ভূমিকায় দেখা যাবে অধরা খানকে।
প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। একই বছর শেষ হয় দৃশ্যধারণের কাজ। পরে সেন্সর ছাড়পত্রও পায় ছবিটি। মোয়াজ্জেম হুসেন প্রযোজিত সিনেমাটিতে সজল ও অধরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেকে।
সজল ও অধরার প্রথম জুটির সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও আপাতত অপেক্ষা করতে হচ্ছে নতুন বছরের জানুয়ারি পর্যন্ত।



















