ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি, আহত ৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ছয়জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার চুরখারহাট বাজারের মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাঁচজন লোক সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে বাজারে আসে। তাঁদের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। মাজার গেটের সামনে পৌঁছেই অটোরিকশায় বসে তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলিতে পথচারী ও দোকানিসহ ছয়জন আহত হন।

আহতরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাঁর সঙ্গে থাকা পাঁচজন পালিয়ে গেছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছেন, নাজিরহাটের ঝংকার মোড় থেকে পাঁচজন তাঁর অটোরিকশা ভাড়া করে শোভনছড়ি যাওয়ার কথা বলে; পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে দিয়ে গাড়ি চালানো হয়।

পুলিশের ভাষ্য, অটোরিকশাটিতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সুয়াবিল এলাকায় লুকিয়ে থাকার তথ্যে গত রোববার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ; ভূজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধানও পাওয়া যায়। রায়হানকে ধরতে এলাকায় অভিযান চলছে।

দুই দিনের ব্যবধানে ফটিকছড়িতে এটি দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে রোববার সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নে পুলিশের এক সোর্সকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা; তাঁর হাত ও উরুতে গুলি লাগে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন