যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসেছে টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর, ৫৪তম আন্তর্জাতিক এমি পুরস্কারের অনুষ্ঠান। সোমবার রাতে নিউইয়র্কের হিলটন মিডটাউনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে মঞ্চে ওঠেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। কালো পোশাকে সেজে লাল গালিচায় হাঁটেন তিনি; তাঁর ব্লেজারের কারুকাজ নজর কেড়েছে অতিথিদের।
এবারের আসরে ভারতের দুটি মনোনয়ন ছিল। কৌতুক বিভাগে মনোনীত কৌতুকশিল্পী বির দাসের ‘ফুল ভলিউম’ এবং নাটক বিভাগে মনোনীত সিরিজ ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’—দুটিই পুরস্কার জিততে পারেনি। কৌতুক বিভাগে পুরস্কার গেছে আর্জেন্টিনার ‘ডিভিসিওন পালেরমো’র দ্বিতীয় মৌসুমের ঝুলিতে, আর সেরা নাটক সিরিজ হয়েছে ফ্রান্সের ‘কারেম’।
অভিনয়ে সেরা হয়েছেন যুক্তরাজ্যের ববি স্কোফিল্ড (‘আনফরগিভেবল’) ও বেলজিয়ামের মোনা মিনা লিওন (‘হোলি শিট’)। এবারের আসরে ১৬টি বিভাগের মধ্যে নয়টিতেই জিতেছে যুক্তরাজ্যের প্রযোজনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা মাইকেল ইউরি। ২২টি দেশের ৬৪টি মনোনয়ন নিয়ে বসেছিল এবারের আসর।


















