বিদ্যমান আইন, অধ্যাদেশ, আদেশ, বিধিমালা বা সরকারের বিশেষ কোনো নির্দেশনায় ভিন্ন কিছু উল্লেখ না থাকলে সরকারি সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন না।
একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে পেশাগত দক্ষতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), আইন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ অবসরপ্রাপ্ত ব্যাংকারদের অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। গত ১৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জারি করা ‘চেয়ারম্যান/পরিচালক নিয়োগ/মনোনয়ন নীতিমালা, ২০২৬’-এ এসব বিধান যুক্ত করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, চেয়ারম্যান ও পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। কোনো ব্যক্তি টানা দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। টানা দুই মেয়াদ পূর্ণ করার পর আরও তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি পুনরায় পরিচালক হিসেবে নিয়োগ বা নির্বাচনের যোগ্য হবেন না।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
নীতিমালায় পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ পদে যোগ্য নারীদের নিয়োগের বিষয়টি বিবেচনা করতে কর্তৃপক্ষকে বলা হয়েছে।

চেয়ারম্যান বা পরিচালক পদের প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। তবে ব্যতিক্রমী পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা যেতে পারে। আবেদনকারীদের অন্তত ১০ বছরের প্রশাসনিক, ব্যবস্থাপনাগত বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
অর্থনীতি, ব্যাংকিং, অর্থায়ন, পুঁজিবাজার, মুদ্রানীতি, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন, আইন এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
ঋণখেলাপি, ইচ্ছাকৃত ঋণখেলাপি, দুর্নীতি বা আর্থিক অপরাধে জড়িত কিংবা আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তিরা নিয়োগের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। কোনো প্রার্থী নিজে অথবা তাঁর স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের ঋণের কারণে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) খেলাপি হিসেবে তালিকাভুক্ত থাকলে তিনিও অযোগ্য হবেন। ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ পড়ার পরও যোগ্য হতে হলে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এ ছাড়া আবেদনকারীদের হালনাগাদ আয়কর পরিশোধের প্রমাণপত্র জমা দিতে হবে।
একই সময়ে কোনো ব্যক্তি একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত অথবা বিগত পাঁচ বছরের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বহিঃনিরীক্ষক, আইন উপদেষ্টা, পরামর্শক বা বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিও ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যোগ দিতে পারবেন না।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি বাছাই কমিটি চেয়ারম্যান ও পরিচালক পদের জন্য প্রার্থীদের সুপারিশ করবে। কমিটি প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, আর্থিক সচ্ছলতা, সততা, গোয়েন্দা প্রতিবেদন এবং সিআইবি রেকর্ড যাচাই-বাছাই করবে।
চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। অন্যদিকে পরিচালক নিয়োগের জন্য অর্থমন্ত্রীর অনুমোদন নিতে হবে। নীতিমালায় চেয়ারম্যান ও পরিচালকদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
পর্ষদ সদস্যরা প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।


















