কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দুজন ঘটনাস্থলে মারা যান। অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে।



















