জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে রায় পড়ে শোনান আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।
১৫ সদস্যের বেঞ্চ ৯-৬ ভোটে সিদ্ধান্ত নেয়, মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং এতে গণহত্যা কনভেনশনে নেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো। হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে রায় এলো মাত্র চতুর্থবার।
রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা চালিয়েছে এবং পালিয়ে যাওয়া মানুষের ওপর হামলা করেছে। প্রমাণ থেকে দেখা যায়, প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে।
আদালত জানায়, অন্তত চারটি গণহত্যামূলক কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে—বেসামরিক মানুষের গণহত্যা, লাখ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, গোষ্ঠীটির ওপর গুরুতর ক্ষতি সাধন এবং জন্মরোধ। আদালতের মতে, ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে এটাই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত যে, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল।

২০১৭ সালের ২৫ আগস্টের পর শুরু হওয়া অভিযানে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে ১২ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
আদালত মিয়ানমারকে নির্দেশ দিয়েছে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে, পরিবারগুলোর পুনর্মিলন ঘটাতে হবে, গণহত্যার সন্দেহভাজনদের তদন্ত করে শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। মামলার গুণাগুণের ওপর শুনানি হয় ২০২৬ সালের জানুয়ারিতে। রায় পাঠ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে রায় কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।


















