ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

ঢাকায় শুরু হলো ইয়ুথ ট্যুরিজম এক্সপো

রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬। আগামী ২১ নভেম্বর পর্যন্ত ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে চলবে এই আয়োজন। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) এই এক্সপোর আয়োজন করেছে।

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো এবং পর্যটন খাতে তরুণদের সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দেশে পর্যটন মেলা সাধারণত বিদেশের ভ্রমণ গন্তব্যকে কেন্দ্র করে হলেও এবারের এক্সপো সাজানো হয়েছে দেশীয় গন্তব্য নিয়ে।

মেলায় হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৮টি বিশেষায়িত স্টল রয়েছে। সেন্ট মার্টিন ও সুন্দরবনগামী জাহাজসহ দেশের নানা ভ্রমণ গন্তব্য ও সেবা তুলে ধরা হচ্ছে স্টলগুলোতে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও বুকিংয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

এক্সপোর অন্যতম আকর্ষণ ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। এতে পর্যটন খাতে ক্যারিয়ার গড়া, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের নানা দিক তুলে ধরা হবে। মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানে চাকরিপ্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পাবেন। প্রথম দিনে ভ্রমণ ও পর্যটনবিষয়ক ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশেষ সভা এবং সাংস্কৃতিক পরিবেশনাও রয়েছে।

তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন