ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে ইইউ

ইউরোপীয় কমিশন ২০২৭ সালের জন্য ইউক্রেনকে ৪৫ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। বুধবার কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লাইয়েন এ প্রস্তাব ঘোষণা করেন। ইউরো হিসাবে এর পরিমাণ প্রায় ৪৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।

এই ঋণে আগামী বছর ইউক্রেনের প্রত্যাশিত ৭০ বিলিয়ন ইউরো অর্থায়ন ঘাটতির প্রায় দুই-তৃতীয়াংশ মিটবে। বাকি অর্থ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে আসবে বলে আশা করা হচ্ছে। ঋণের মধ্যে সর্বোচ্চ ২৫ বিলিয়ন ইউরো সামরিক সহায়তায় এবং সর্বোচ্চ ২০ বিলিয়ন ইউরো সাধারণ বাজেট সহায়তায় ব্যয় করা যাবে।

প্রস্তাব অনুযায়ী, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে রাশিয়া অর্থ দিলেই কেবল ইউক্রেনকে ঋণের আসল পরিশোধ করতে হবে। সুদের প্রথম কিস্তি ২০২৮ সালে দেওয়ার কথা থাকলেও ইউরোপীয় ইউনিয়ন সেই ব্যয়ের প্রায় পুরোটাই ভর্তুকি হিসেবে বহন করবে বলে জানানো হয়েছে; বছরে এর পরিমাণ হতে পারে ২ থেকে আড়াই বিলিয়ন ইউরো।

যুদ্ধ তীব্র হওয়ায় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে বলে কমিশন জানিয়েছে। ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে বিঘ্ন অর্থনীতিতে আঘাত করেছে, সরকারের রাজস্ব কমেছে, আর সামরিক ব্যয় বেড়েছে। আগামী বছর রাশিয়া ড্রোন মোতায়েন দ্বিগুণ করে ২ কোটিতে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাব কার্যকর হতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন লাগবে; বাজেট সংশোধনীর জন্য সব সদস্যের সম্মতি প্রয়োজন। গত বছরের শেষে ২০২৬ ও ২০২৭ সালের জন্য সম্মত ৯০ বিলিয়ন ইউরো ঋণে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি ও স্লোভাকিয়া অংশ নেয়নি; তবে ফন ডের লাইয়েন আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে নতুন ঋণে ২৭টি দেশই সমর্থন দেবে। ঋণের অর্থ ছাড়ের সঙ্গে ইউক্রেনের সংস্কার—আইনের শাসন, দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও সরকারি অর্থ ব্যবস্থাপনা—এগিয়ে নেওয়ার শর্ত যুক্ত থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন